যুদ্ধ ও রাজনীতিতে হারাম হালালের প্রশ্ন এবং মুসলিমদের ব্যর্থতা

ফিরোজ মাহবুব কামাল

হালাল যুদ্ধ ও হারাম যুদ্ধ

যুদ্ধ দুই প্রকারের: এক). আল্লাহ তায়ালার এজেন্ডাকে বিজয়ী করার যুদ্ধ; দুই). শয়তানের এজেন্ডাকে বিজয়ী করার যুদ্ধ। এ পৃথিবী পৃষ্ঠে তৃতীয় কোন প্রকারের যুদ্ধ নাই। আল্লাহ তায়ালার যুদ্ধের এজেন্ডা হলো তাঁর সার্বভৌমত্ব ও তাঁর শরিয়ার প্রতিষ্ঠা, অসত্য ও অন্যায়ের নির্মূল এবং সকল মিথ্যা ধর্ম ও সকল মিথ্যা মতবাদের উপর ইসলামের বিজয়। মহান রব’য়ের আরো এজেন্ডা হলো, মুসলিম উম্মাহর স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগলিক অখণ্ডতাকে সুরক্ষা দেয়া। অপর দিকে শয়তান ও তার অনুসারীদের যুদ্ধের লক্ষ্য, আল্লাহ তায়ালার এজেন্ডাকে পরাজিত করা এবং গোত্রবাদী, জাতীয়তাবাদী, দলবাদী, রাজতন্ত্রী, সাম্রাজ্যবাদী, বর্ণবাদী বা অন্যকোন মতবাদী রাজনীতির এজেন্ডাকে বিজয়ী করা। তারা বিপন্ন করে মুসলিম উম্মাহর স্বাধীনতা, সংহতি ও নিরাপত্তাকে।

এ বিশ্ব যুদ্ধময়; এ যুদ্ধে কে কোন পক্ষ নিল -তার ভিত্তিতে মানবজাতির বিভাজনটিও দুই ভাগে। তৃতীয় কোন ভাগ নাই। এক). আল্লাহর আনসার তথা আল্লাহর সাহায্যকারী পক্ষ; দুই). শয়তানের আনসার তথা শয়তানের সাহায্যকারী পক্ষ। আল্লাহ তায়ালার আনসার হওয়া প্রতিটি মুসলিমের উপর ফরজ। কারণ এ বিষয়ে মহান রব’য়ের নির্দেশ এসেছে সুরা সাফ’য়ের ১৪ নম্বর আয়াতে। আর মহান আল্লাহর পক্ষ থেকে যখন কোন নির্দেশ আসে -তখন সেটি ফরজ হয়ে যায়। যারা আল্লাহর আনসার, তাদের কাজ মহান রব’য়ের এজেন্ডাকে বিজয়ী করা। সে কখনো ভারতের ন্যায় কোন পৌত্তলিক কাফির শক্তির আনসার হয় না; এবং তাদের পক্ষে যুদ্ধে যোগ দেয়না। অথচ একাত্তরে মুক্তিবাহিনী ভারতীয় ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে ভারতীয় বাহিনীর আনসার হয়েছে এবং ভারতের অর্থ ও অস্ত্র নিয়ে ভারতকে বিজয়ী করতে যুদ্ধ করেছে।

ইসলামের বিচারটি অতি সহজ। যে যুদ্ধের লক্ষ্য ইসলামকে বিজয়ী করা নয় এবং মুসলিম রাষ্ট্রের ভূগোলের অখণ্ডতার সুরক্ষা দেয়াও নয় -শরিয়ার বিচারে এমন প্রতিটি যুদ্ধই হারাম। মহান আল্লাহতায়ালা পৌত্তলিকদের সাথে বন্ধুত্ব গড়াকে হারাম করেছেন -সে ঘোষণা এসেছে সুরা আল ইমরানের ২৮ নম্বর এবং সুরা মুমতাহানার ১ নম্বর আয়াতে। যারা শয়তানের আনসার, তাদের কাজ হলো শয়তানের এজেন্ডাকে বিজয়ী করা। এরাই রাজনীতিতে জাতীয়তাবাদী, আঞ্চলিকতাবাদী, হিন্দুত্ববাদী, সেক্যুলার ও বামধারার হয়। বাংলাদেশে এরাই বিজয়ী পক্ষ। এরাই পৌত্তলিক ভারতের সহযোগী পক্ষ এবং ১৯৭১’য়ে পাকিস্তান ভাঙতে সফল হয়েছে। এদের বিজয়ের ফল হলো, বাংলাদেশে আদালতে শরিয়ার স্থান নাই; রাজনীতিতে স্থান নাই মহান রব’য়ের এজেন্ডার। এবং দেশের সংবিধানে স্থান নাই তাঁর সার্বভৌমত্বের।
জিহাদ হলো মহান রব’য়ের এজেন্ডাকে বিজয়ী করার একমাত্র হাতিয়ার -ফলে জিহাদের রয়েছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মর্যাদা। একটি দেশে ইসলাম কতটা বিজয়ী হবে এবং কতটা শান্তি, সমৃদ্ধি, সত্য, সুবিচার, স্বাধীনতা ও নিরাপত্তা অর্জিত হবে -তা নির্ভর করে জিহাদের উপর। জিহাদে যোগ দেয়ার অর্থ জান্নাতের পথে যাত্রী হওয়া। এ যুদ্ধে কেউ নিহত হলে সে বিনা হিসাবে জান্নাতে পায়। ঈমানদারের দায় হলো, জিহাদ ছাড়া অন্য কোন যুদ্ধে যোগ দেয়া থেকে নিজেকে বাঁচানো। জিহাদের মালিকানা একমাত্র মহান আল্লাহ তায়ালার -এখানে কোন ব্যক্তি, দল, জাতি বা গোত্রের দখলদারি চলে না। এ জন্যই পবিত্র কুর’আনে জিহাদকে বলা হয় “জিহাদ ফি সাবিলিল্লাহ।” অর্থ: আল্লাহর পথে জিহাদ। এ জন্যই ইসলামকে বিজয়ী করার লড়াইটি খোদ মহান আল্লাহ তায়ালার লড়াই। নিজের দ্বীনকে বিজয়ী করার সে লড়াইয়ে তিনি ফেরেশতাদের নামিয়ে সাহায্য করেন। অতীতে মুসলিমদের সেরূপ সাহায্য বার বার করেছেন।

হালাল রাজনীতি ও হারাম রাজনীতি

হালাল পানাহারের ন্যায় হালাল হতে হয় মুসলিমের রাজনীতিও। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মানব হত্যা, চুরি ডাকাতি ও ধর্ষণের কারণে নয়, বরং হারাম রাজনীতি ও হারাম যুদ্ধে অংশ নেয়ার কারণে। ঈমানের চুড়ান্ত পরীক্ষা হয় এ দুটি ক্ষেত্রে। বস্তুত রাজনীতি নিজেই একটি আমৃত্যু যুদ্ধ। প্রতি দেশের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক অঙ্গণে এ নিরস্ত্র যুদ্ধটি হয় একটি বিশেষ এজেন্ডাকে বিজয়ী করতে। ঈমানদার মুসলিমদের কাছে সে বিশেষ এজেন্ডাটি হলো মহান আল্লাহ তায়ালার এজেন্ডা। অপরদিকে যারা বেঈমান তথা কাফির তাদের রাজনীতির এজেন্ডা হয় মহান আল্লাহ তায়ালার এজেন্ডাকে পরাজিত রাখা; এবং জাতীয়তাবাদ, বর্ণবাদ, গোত্রবাদ, দলবাদ, ফ্যাসিবাদ, কম্যুনিজম, রাজতন্ত্র, সেক্যুলারিজমের ন্যায় হারাম এজেন্ডাকে বিজয়ী করা।

বাংলাদেশের মত দেশগুলিতে কোটি কোটি মুসলিমদের নামাজ রোজা পালনে দেখা গেলেও তাদের আসক্তি যেমন হারাম যুদ্ধে, তেমনি হারাম রাজনীতিতে। মহান আল্লাহর সার্বভৌমত্ব ও তাঁর শরিয়ার বিলুপ্ত রাখার এজেন্ডা নিয়ে তাদের রাজনীতি। তারা যেমন হারাম রাজনীতির বিজয় নিয়ে উৎসব করে, তেমনি উৎসব করে হারাম যুদ্ধের বিজয় নিয়ে। এভাবেই দৃশ্যমান করে তাদের নিজেদের বেঈমানি। সে বেঈমানির রাজনীতির কারণে মুসলিম বিশ্ব ৫০টি বেশি খণ্ডে বিভক্ত। বাঙালি মুসলিমের সে বেঈমানি প্রতিবছর দৃশ্যমান হয় ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এলে। ভারতে একাত্তরের যে বিজয় নিয়ে দিল্লি ও কোলকাতায় উৎসব হয়, সে উৎসব ঢাকাতেও হয়। সে উৎসবে এমন কি তাদেরও দেখা যায় যারা নিজেদের ইসলামী শিবিরের বলে পরিচয় দেয়। এদের গাদ্দারীর কারণেই বাংলাদেশের মত তথাকথিত মুসলিম দেশে বিশাল পরাজয়টি ইসলামের তথা মহান আল্লাহ তায়ালার এজেন্ডার।

অথচ মুসলিম হওয়ার অর্থ শুধু নামাজী, রোজাদার ও হাজী হওয়া নয়; বরং মহান আল্লাহ তায়ালার আনসার তথা সৈনিক হওয়া। রাজনৈতিক সংঘাতপূর্ণ এ পৃথিবীতে ঈমানদারের জন্য নীরব দর্শক হওয়ার কোন সুযোগ নাই। নিষ্ক্রিয় দর্শক হওয়াটাই বেঈমানির লক্ষণ। এটি গুরুতর অপরাধ। গৃহে আগুন লাগলে বা কাউকে পানিতে ডুবতে দেখে নিষ্ক্রিয় থাকাটি অপরাধ। তেমনি গুরুতর অপরাধ হলো, নিজ দেশের মহান আল্লাহর সার্বভৌমত্ব ও তাঁর শরিয়া বিলুপ্ত দেখে নিষ্ক্রিয় থাকা। শয়তান ও তার অনুসারীরা চায় মুসলিমগণ রাজনীতি, বুদ্ধিবৃত্তি ও যুদ্ধের ময়দানে নিষ্ক্রিয় থাকুক। তাতে শয়তানী শক্তির দখলদারী স্থায়িত্ব পায়। এজন্যই নবীজী (সা:)য়ের কোন সাহাবী নিষ্ক্রিয় ছিলেন না। সে আমলে জিহাদ থেকে দূরে থাকা নিষ্ক্রিয়দের মুনাফিক বলা হয়েছে। বস্তুত ঈমানদার হওয়ার অর্থই জিহাদ নিয়ে বাঁচা। তাকে অবশ্যই আনসার হতে হয়।

আনসার হওয়ার সুস্পষ্ট হুকুম এসেছে সুরা সাফ’য়ের ১৪ নম্বর আয়াতে:
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوٓا۟ أَنصَارَ ٱللَّهِ كَمَا قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّـۧنَ مَنْ أَنصَارِىٓ إِلَى ٱللَّهِ ۖ قَالَ ٱلْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ ٱللَّهِ ۖ فَـَٔامَنَت طَّآئِفَةٌۭ مِّنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَكَفَرَت طَّآئِفَةٌۭ ۖ فَأَيَّدْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ عَلَىٰ عَدُوِّهِمْ فَأَصْبَحُوا۟ ظَـٰهِرِينَ
অর্থ: “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনসার তথা সাহায্যকারী হয়ে যাও। যেমন মরিয়ম-পুত্র ঈসা তাঁর অনুসারীদের জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা দেয়ার কাজে কে আমার আনসার হবে? তাঁর অনুসারীগণ জবাবে বলেছিলেন, “আমরাই আল্লাহর আনসার।” অতঃপর বনি ইসরাইলীদের মধ্য থেকে একদল ঈমান আনলো, এবং এক দল অবাধ্য হলো। যারা ঈমান এনেছিল তাদেরকে আমি শক্তিশালী করলাম শত্রুদের মোকাবেলায় এবং তারা বিজয়ী হলো।”–(সুরা সাফ, আয়াত ১৪)।

ব্যর্থতা আল্লাহ তায়ালার আনসার হওয়ায়

বাংলাদেশের লক্ষ লক্ষ গৃহে পবিত্র কুর’আনের উপরের এ আয়াতটি পঠিত হয়। দেশটির বহু হাজার মাদ্রাসার বহু লক্ষ ছাত্র শিক্ষকও এ আয়াতটি পাঠ করে। কিন্তু তাদের ক’জন বাংলাদেশের রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক রণাঙ্গণে মহান আল্লাহ তায়ালার আনসার? আনসার হলে তো রাজনীতি, বুদ্ধিবৃত্তি ও যুদ্ধের ময়দানে তাদেরকে সক্রিয় দেখা যেত। মহান আল্লাহ তায়ালার কাছে মানব সৃষ্টির মূল লক্ষ্য হলো: মানব বাঁচবে একমাত্র তাঁর অনুগত খলিফা রূপে। এবং যারা মহান আল্লাহর নিষ্ঠাবান খলিফা, একমাত্র তারাই হয় তাঁর নিষ্ঠাবান আনসার। যারা ব্যর্থ হয় মহান আল্লাহ তায়ালার আনসার হতে; বুঝতে হবে তাদের বিদ্রোহ ও গাদ্দারীটি মহান আল্লাহর এজেন্ডার বিরুদ্ধে। তারা আনসার তাদের নিজ নফসের অথবা শয়তানী শক্তির।

জিহাদে বিজয়ী করার বিষয়টি একান্তই মহান আল্লাহ তায়ালার নিজস্ব সার্বভৌম বিষয়। এ ক্ষেত্রে অন্য কারো এখতিয়ারে নাই। ঈমানদারগণ সে লড়াইয়ে মহান আল্লাহর সাহায্যকারী মাত্র। তারা পুরস্কার পাবে সাহায্যকারী রূপে কতটা ভূমিকা পালন করলো তার ভিত্তিতে। ঘুষখোর, সূদখোর এবং প্রতারকও নামাজী হতে পারে। কিন্তু ঈমানের চুড়ান্ত পরীক্ষাটি হয় মহান আল্লাহর আনসার তথা সাহায্যকারী হওয়ার মধ্য দিয়ে। ইসলামকে বিজয়ী করার যুদ্ধে নিজ সামর্থ্যের বিনিয়োগের দায় আনসারদের হাতে রাখা হয়েছে তাদের ঈমানের পরীক্ষা নেয়ার জন্য। নইলে বিজয়ের সে কাজটি মহান আল্লাহ তায়ালা তাঁর নিজের “কুন, ফা ইয়াকুন”য়ের নির্দেশের মাধ্যমেই করতে পারতেন।

গৌরব যুগের মুসলিমদের থেকে আজকের মুসলিমদের মূল পার্থক্য হলো: সে যুগের মুসলিমগণ শুধু নামাজী, রোজাদার ও হাজী হওয়াকে গুরুত্ব দিতেন না, তারা জীবনের প্রতিটি মুহুর্ত কাটিয়েছেন মহান আল্লাহ তায়ালার সাহায্যকারী সৈনিক রূপে। সে দায়িত্ব পালনের কাজে নবীজী(সা:)’য়ের অর্ধেকের বেশি সাহাবা শহীদ হয়ে গেছেন। অথচ আজকের মুসলিমগণ মহান আল্লাহ তায়ালার আনসার হতে রাজী নয়, অনেকে মোনাজাত করেই বিজয় আনতে চায়। নির্বাচনে তারা ইসলামের পক্ষে ভোট দিতেও রাজী নয়। তারা আনসার হয় অনৈসলামী শক্তির। বাংলাদেশের মত দেশে তারা আনসার রূপে কাজ করে সেক্যুলারিস্ট, ফ্যাসিস্ট, জাতিয়তাবাদী, উপজাতীয়তাবাদী, গোত্রবাদী শাসক শক্তির। অনেকে সাহায্যকারী রূপে কাজ করে বিদেশী অমুসলিম শক্তির সরকারি ও বেসরকারি সংস্থার।

প্রথম বিশ্বযুদ্ধ কালে প্রায় আড়াই লাখ ভারতীয় মুসলিম এবং ১০ লাখ আরব মুসলিম আনসার তথা সৈনিক রূপে যোগ দিয়েছিল ব্রিটিশ সেনাবাহিনীতে। অনেকে যোগ দিয়েছিল ফরাসী সেনাবাহিনীতেও। তারা যুদ্ধ করেছে উসমানিয়া খেলাফতের বিরুদ্ধে এবং কাফির ব্রিটিশদের বিজয়ী করতে। খেলাফত ভেঙে ফিলিস্তিন ও ইরাকের ন্যায় মুসলিম ভূমি ব্রিটিশের হাতে তুলে দিয়েছে তারাই। ব্রিটিশ কাফিরদের আনসার রূপে তাদের সেনাবাহিনীতে কাজ করেছে এমন কি কবি কাজী নজরুল ইসলাম ও জেনারেল আতাউল গণি ওসমানীর মত ব্যক্তিবর্গ। ইসলামের আনসার হওয়ার বদলে বাঙালি মুসলিমগণ যে কতটা সহজে কাফির শক্তির আনসার হয় –এ হলো তার নমুনা। এদের কারণেই ১৯৭১’য়ে পৌত্তলিক ভারতও তার পাকিস্তান ভাঙার যুদ্ধে বঙ্গীয় এ বদ্বীপে বিপুল সংখ্যক আনসার পেয়েছে। ১৯৭১’য়ের ন্যায় আজও কি বাংলাদেশের মাটিতে পৌত্তলিক ভারতের আনসারের সংখ্যা কম? আজও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশটিতে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ভারতের যুদ্ধটি তো তারাই করছে। বাংলাদেশের উপর ভূ-রাজনৈতিক দখলদারী, দেশের বুক চিরে করিডোর, ৫৪টি নদীর পানি, দেশীয় বাজার, সমুদ্র বন্দরের সুবিধাসহ নানা সুযোগ সুবিধা ভারতের হাতে তুলে দিয়েছিল তো তারাই। বাকি ছিল কেবল বাংলাদেশের মানচিত্রকে ভারতের মানচিত্রে বিলীন করা। আবার ক্ষমতা হাতে পেলে সে কাজটিও তারা করবে। তখন বাংলার বুকে ইসলামের উত্থান রোধে তারা ভারতের প্রত্যক্ষ সাহায্য পাবে।

বাংলাদেশের স্বাধীনতা ও নিরাপত্তা তাই সংকটের মুখে। স্বাধীনতা বাঁচাতে হলে তাই শুধু নামাজ রোজা ও হজ্জ যাকাত পালন এবং মসজিদ মাদ্রাসা নির্মাণ করলে চলবে না, মহান আল্লাহর নিষ্ঠাবান আনসারও হতে হবে। সে ফরজ দায়টা শুধু সরকার ও সেনাবাহিনীর সদস্যদের নয়, বরং প্রতিটি নাগরিকের। নামাজ রোজা ও হজ্জ যাকাত যেমন প্রতিটি মুসলিমকে পালন করতে হয়, তেমনি পালন করতে হয় আনসারের দায়। নবীজী (সা:)’য়ের এমন কোন সাহাবী ছিলেন না -যিনি আনসারের দায়িত্ব পালনে রণাঙ্গণে হাজির হননি। নামাজ রোজা ও হজ্জ যাকাত পালনে ব্যর্থ হলে মানুষ কাফির হয়; আর যারা মহান আল্লাহ তায়ালার আনসার হতে ব্যর্থ হয়, তারা নামাজ রোজা পালনা করেও মুনাফিক হয়। আল্লাহ তায়ালার বিচারে মুনাফিকদের স্থান কাফিরদের চেয়েও নিকৃষ্ট; তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে -এ নিয়ে উল্লেখ এসেছে পবিত্র কুর’আনে। বাংলাদেশের মত একটি মুসলিম দেশে মহান আল্লাহ তায়ালার সার্বভৌমত্ব ও শরিয়ার বিলুপ্তি এবং দুর্বৃত্তির প্লাবন দেখে নিশ্চিত বলা যায় -দেশটির উপর দখলদারী মুনাফিকদের। এবং পরাজয় এখানে ইসলামের। কিন্তু ইসলামের এ পরাজয় নিয়ে মাতম ক’জনের? আর সে মাতম না থাকাটাই কি বেঈমানী নয়? ঈমান থাকলে শুধু মাতম নয়, ইসলামকে বিজয়ী করার প্রচণ্ড তাড়নাও দেখা যেত। ২৬/১১/২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *